চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে দুই ভাইকে ‘কুপিয়ে জখম’

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৯ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে দুই ভাইকে ‘কুপিয়ে জখম’

চাঁপাইনবাবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে দুই ভাইকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তিনখোপড়া মোড়ে এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরদেবীনগর-ফাটাপাড়ার মৃত সাজ্জাদের ছেলে শফিকুল ইসলাম ও তার ছোট ভাই ওসিকুল ইসলাম। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত শফিকুল ও ওসিকুল জানান, রাতে নরেন্দ্রপুর হাট থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে তিনখোপড়া মোড় এলাকায় তাদের উপর হামলা চালানো হয়। পরে খবর পেয়ে তাদের স্বজনরা ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠায়। তারা আরও বলেন, একটি জমি নিয়ে তাদের ভাই আজাদের সঙ্গে একই এলাকার শাহদাত, মহব্বত, আব্দুল হান্নান ও আব্দুল রাবিকের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। ওই বিরোধের জের ধরেই তাদের উপর হামলা চালানো হয়। 

আহতদের ভাই আজাদ আলী বলেন, ৫-৬ বছর আগে ২১ শতক জমি কিনেছিলাম চাচি জরিনার কাছ থেকে। ওই জমিতে কৃষি কাজ করতে গেলে শাহাদাতসহ কয়েকজনের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়। সেই থেকেই বিরোধের সূত্রপাত তৈরি হয়। এখন পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে গেছে। 

এ ব্যাপারে শাহদাত, মহব্বত, আব্দুল হান্নান ও আব্দুল রাবিকের সঙ্গে কথা বলা যায়নি। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, শফিকুল ও ওসিকুলের উপর হামলার ঘটনায় ভুক্তভোগীরা থানায় এজাহার দিয়েছেন। 

Read more — স্থানীয়
← Home