চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, একজনের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৩ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার নাচোলে উপজেলার হাটবাকইল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক ও নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

নয়ন আলী নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। 

এমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮ টার দিকে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নীচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন তারা। পরে উদ্ধার অভিযানের সময় নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষদিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ বলেন, আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে নয়নের। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।&

Read more — স্থানীয়
← Home