আপডেট: গোসলে নেমেছিলো ৫ শিশু, একে একে ডুবে মারা গেলো সবাই

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ আগস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
আপডেট: গোসলে নেমেছিলো ৫ শিশু, একে একে ডুবে মারা গেলো সবাই

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় পদ্মার শাখা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গোসলে নেমে অসাবধানতাবশত ডুবে মারা যায় তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ও সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হল- চর চাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও তার ছোট বোন আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২), নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) এবং তার ছোট বোন সুরাইয়া (৯)।

ওসি বলেন, দুপুরে পাঁচ শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পাঁচ শিশুই পানিতে তলিয়ে যায়। নদী তীরবর্তী গ্রামের নারীরা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত সাঁতরে ঘটনাস্থলে যায় এবং শিশুদের উদ্ধার করে। কিন্তু তার আগেই মারা যায় তারা।

উদ্ধারের সময় সেখানে উপস্থিত গৃহবধূ আকলিমা খাতুন বলেন, শিশুরা নদীতে গোসল করার সময় হঠাৎ তাদেরকে আর দেখা যাচ্ছিলো না। তখনই মনে হয়েছিলো তারা ডুবে গেছে। স্থানীয়রা লোকজন তাড়াহুড়ো করে তাদের উদ্ধার করে। কিন্তু তার আগেই মারা যায় তারা।

কবির হোসেন নামে একজন বলেন, আমাদের ধারণা এক শিশু প্রথমে গভীর পানিতে চলে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরেকজন ডুবে যায়। এভাবেই পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। যেখানে তারা ডুবে যায়, সেখানে বেশ গভীর পানি ছিলো।

চর চাকলা গ্রামে আমির হোসেন নামে এক ব্যক্তি বলেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে এ এলাকায় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু এক সঙ্গে একই গ্রামের তিন পরিবারের ৫ শিশুর মৃত্যু আগে কখনো হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্ত করতে চান না। তাই মরদেহ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমি প্রতিটি বাড়িতেই গিয়েছি। এটি একটি মর্মান্তিক ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে আর্থিক সহয়তা দেয়া হবে। পাশাপাশি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হবে। 

Read more — স্থানীয়
← Home