রাজশাহী বিভাগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলায়

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ণ
রাজশাহী বিভাগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলায়

গত বছরের মতো এবারও কি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? -এমন প্রশ্ন এখন জেলাজুড়েই। ১২ ঘণ্টার ব্যবধানে শিশুসহ দুই জনের মৃত্যু ও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্তের পর ঘুরে-ফিরেই আসছে এই প্রশ্ন। এরইমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করল রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়। গত আগস্টে রাজশাহী বিভাগের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। 

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে- রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে আগস্টে শুধু চাঁপাইনবাবগঞ্জেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৪৩ জন। দ্বিতীয় অবস্থানে সিরাজগঞ্জ, এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয় ৩৬৩ জন। এছাড়াও বগুড়ায় ১৬৫ জন, নওগাঁয় ৪১ জন, নাটোরে ৫৬ জন, পাবনায় ৪২ জন, রাজশাহীতে ২৫ জন ও জয়পুরহাটে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে মঙ্গলবার জানানো হয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪৬ জন। এদের মধ্যে ২২ জন পুরুষ, ২০ জন নারী ও ৪ শিশু। পূর্বের রোগী মিলিয়ে হাসপাতালে ভর্তি জয়েছে চিকিৎসা নিচ্ছে ৭১ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় হাসপাতালের বহিঃবিভাগে ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, দেড় মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ চলছে জেলায়। এরইমধ্যে হাসপাতালগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ রোগী ভর্তি হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষন করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চালাচ্ছি। 

Read more — স্থানীয়
← Home