চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার সংসদ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের উত্তরে তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

সংসদে নূরুল ইসলাম বুলবুল বলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে আমি জানতে চাই যে, বর্তমান দেশব্যাপী বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। জেলার কৃষিকাজ ও সেচ ব্যবস্থা চরমভাবে ব্যহত হচ্ছে। ক্ষুব্ধ জনগণ ইতিমধ্যে রাস্তায় নেমে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। এমনকি বিদ্যুৎ অফিস ঘেরাও-এর মতো ঘটনা ঘটেছে। জনগণের এই অবর্ণনীয় দুর্ভোগ লাঘব করতে বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে তার সুনির্দিষ্ট সময় রেখা জানাবেন কি?

এর উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি এবং নেসকো বিদ্যুৎ সরবরাহ করে। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় গড় চাহিদা ৬৪ মেগাওয়াট। এর বিপরীতে গড় সরবরাহ দেয়া হচ্ছে ৫৬ মেগাওয়াট। অর্থাৎ গড় বিদ্যুতের ঘাটতি রয়েছে প্রায় 8 মেগাওয়াট। তবে নেসকোর আওতাধীন এলাকায় কোন লোডশেডিং নেই। তিনি আরও বলেন, সরবরাহ এবং চাহিদার পার্থক্য না থাকলেও যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান সব সময় ব্যাপারটি তা নয়। বিভিন্ন কারণে; যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে, রক্ষণাবেক্ষণের কারণে বিভিন্ন সময় ওই এলাকার মানুষ বিদ্যুৎহীন থাকতে পারেন। সেটাই আমরা বলছি- জরুরি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য শিডিউল মোতাবেক সাময়িক সময়ের জন্য গ্রাহককে অবহিত করে মাঝে মাঝে নেসকো কর্তৃক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২১ টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন শীর্ষক প্রকল্পের আওতায় ৩৩১ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ বা আপগ্রেডেশন, তিনটি নতুন উপ-কেন্দ্র নির্মাণ চলছে। ফলে উক্ত এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তার আগ পর্যন্ত ওই এলাকার মানুষ যে কষ্ট পাচ্ছে সে কারণে আমি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে ওই এলাকার জনগণের কাছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Read more — স্থানীয়
← Home