শ্রমিক দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

লাইভ রিপোর্ট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
শ্রমিক দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 

সংশ্লিষ্টরা জানান, গতকাল শুক্রবার যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাটোরের একটি বাস রাজশাহী গেলে সেখানকার পরিবহন শ্রমিকরা তা আটকে দেয়। এর জেরে নাটোরের ওপর দিয়ে রাজশাহীর কোনো বাস চলাচল করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাস মালিক-শ্রমিক সমিতি। পাল্টা কর্মসূচিতে রাজশাহী থেকে ঢাকাগামীসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ শনিবার রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। অনেকে বিকল্প যানবাহনে চড়ে রাজশাহী ছাড়ছেন। কেউ অপেক্ষা করছেন বাস চলাচল স্বাভাবিক হওয়ার।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আমি শুনেছি, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। যে সব বাসগুলো নাটোরের ওপর দিয়ে যায়। সেই বাসগুলো বন্ধ রয়েছে বলে শুনেছি। আমি বাস টার্মিনালে যাচ্ছি। তারপর বিস্তারিত জেনে জানাব। 

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী কোচ গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। দ্রুতই চলমান সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাসগুলো বিকল্প যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। 

Read more — স্থানীয়
← Home