সীমান্ত অপরাধ কমাতে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
সীমান্ত অপরাধ কমাতে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা সীমান্তে যুবকদের ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু হয়েছে। সীমন্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিজিবি এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে যুবকরা অপরাধবিমুখ হবে এবং সীমান্ত অপরাধ কমে আসবে বলে আশা করছেন বিজিবি কর্মকর্তারা।

রোববার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, চরবাগডাংগা ইউপি’র প্যানেল চেয়ারম্যান নুরুল হকসহ অন্যরা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেত এ প্রশিক্ষণের উদ্দেশ্য। ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে সীমান্ত এলাকার বেকারত্ব কমানোর পাশাপাশি চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমান্ত এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে- ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণে সীমান্ত এলাকার ৩৫ যুবক অংশ নিচ্ছেন।

Read more — স্থানীয়
← Home