জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান সেন্টুর মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান সেন্টুর মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, পৌরসভার সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টুর ৩১ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর ঢাকায় দাপ্তরিক কাজ শেষে সড়কপথে ফেরার সময় পাবনা জেলার টেবুনিয়া এলাকায় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

আব্দুল মান্নান সেন্টু ১৯৫১ সালের ৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটে জন্মগ্রহণ করেন। ছাত্র অবস্থাতেই তিনি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। এর আগে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তিনি স্বশস্ত্র প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আব্দুল মান্নান সেন্টু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুবারের সফল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দেন। ১৯৮৯ সালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও তাঁর সুনাম ছিল। 

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেন্টু স্মৃতি সংসদের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সকাল ৭ টায় জেলা শহরের নিমতলা ঈদগাহ ময়দানে কোরআনখানি, সকাল ৯ টায় বটতলাহাট এলাকার গোরস্থানে কবর জিয়ারত ও মাসব্যাপী বৃক্ষরোপণ। 

Read more — স্থানীয়
← Home