চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতার মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। 

ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা সেক্রেটারি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুল মুত্তালিব ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ক্যাম্পাস সভাপতি ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায়। 

ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা সেক্রেটারি আব্দুর রহমান বলেন, আব্দুল মুত্তালিব কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী নেওয়ার পথেই মারা যান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, গত সোমবারে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল মুত্তালিব। সেখানেই তার চিকিৎসা চলছিল। 

এদিকে আব্দুল মোত্তালিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।

Read more — স্থানীয়
← Home