চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী তীরবর্তী ২৯০০ পরিবার পানিবন্দী

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী তীরবর্তী ২৯০০ পরিবার পানিবন্দী

উজান থেকে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি নদীতেই পানি বেড়েছে। যদিও এখনও কোন নদীর পানির স্তর বিপৎসীমা অতিক্রম করেনি। এরপরও পদ্মী নদী তীরবর্তী অন্তত ২ হাজার ৯০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। শুক্রবার সকাল ৯টায় পদ্মার পানির স্তর বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে মহানন্দা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১২ মিটার নিচ দিয়ে এবং পুনর্ভবা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ০৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, পদ্মা নদীর পানি বাড়ায় উপজেলার নারায়ণপুর ও আলাতুলী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে ১ হাজার ১০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার পাঁকা, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের ১ হাজার ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৯০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মোট ২৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা বিতরণ শুরু হয়েছে। বন্যা পরিস্থিতির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

Read more — স্থানীয়
← Home