চাঁপাইনবাবগঞ্জে ১৫ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বাড়েনি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ১৫ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বাড়েনি

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে সর্বশেষ ১৫ ঘণ্টায় পানির স্তর বাড়ে নি। তবে অপর দুই নদী মহানন্দা ও পূনর্ভবাতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত পানি বাড়ে ৩ সেন্টিমিটার। এরপর থেকেই স্থিতিশীল অবস্থায় রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার পর থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানি বাড়েনি। বর্তমানে পানির স্তর ২১ দশমিক ৭৯ মিটার, যা বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে তবে গত ২৪ ঘণ্টায় মহানন্দা ও পূনর্ভবা নদীতে পানি বেড়েছে ৭ সেন্টিমিটার করে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, আজকের পর থেকেই পদ্মা নদীতে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এসব মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে প্রশাসন।

Read more — স্থানীয়
← Home