ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার দাবি উঠছে খোদ ভারতেই

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার দাবি উঠছে খোদ ভারতেই

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ। ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত এই ব্যারেজই নিয়ন্ত্রন করে বাংলাদেশে পদ্মা নদীর পানির স্তর। বর্ষা মৌসুমে হঠাৎ করেই ফারাক্কার সব গেট খুলে দেয় ভারত। এতে বাংলাদেশের পদ্মা নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। গত এক সপ্তাহ ধরেও অস্বাভাবিক হারে পানি বেড়েছে পদ্মা নদীতে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফারাক্কা ব্যারেজর প্রভাবে গত ৩০ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যারেজের নিকটবর্তী ভাটি অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ।

এই ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার দাবি উঠেছে খোদ ভারতেই। বিশেষ করে দেশটির বিহার রাজ্যের ক্ষমতাসীন জোট এনডিএ’র শরীক জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) ফারাক্কা ব্যারেজের বিপক্ষে অবস্থান নিয়েছে। এরইমধ্যে বিহারের ১২ টি জেলায় প্রচার অভিযান শুরু করেছে দলটি। এর আগে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন- ফারাক্কা ব্যারেজ প্রসঙ্গে সবার আগে বিহারের স্বার্থ রক্ষা করতে হবে।

ভারতের অন্যতম দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জেডি (ইউ)-এর জাতীয় কার্যনির্বাহী সভাপতি এবং রাজ্যসভা সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেন্দ্রের কাছে ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার দাবি জানিয়েছিলেন। আমরা এখনও এই দাবিতে অনড়। কারণ ফারাক্কা ব্যারেজের কারণে বিহারের ব্যাপক পলি জমে বন্যা হয়।

জেডি (ইউ) ফারাক্কার বিপক্ষে প্রচারণার জন্য এ পর্যন্ত বক্সার, ভোজপুর, বেগুসরাই এবং খাগাড়িয়া—এই চারটি জেলা সফর করেছে। সফরের বক্তৃতায় নেতারা বারবারই ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার দাবি জানাচ্ছেন।

দুই দশক ধরে বিহার সরকার এই ফারাক্কা ব্যারেজ নিয়ে কেন্দ্রের কাছে উদ্বেগ প্রকাশ করে আসছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আমলেও ওই দাবি জানানো হয়। এখন সম্রাট চৌধুরীর আমলে একই দাবি জানানো হচ্ছে। বিহার সরকার বলছে- ফারাক্কা ব্যারেজের কারণে উজানে মারাত্মক বন্যা ও শুষ্কতা পরিস্থিতি তৈরি করেছে। ব্যারেজের পেছনে আটকে থাকা ভারী পলি গঙ্গা নদীর তলদেশ ভরাট করে দিচ্ছে। ফলে প্রাকৃতিকভাবে পানির ধারণ ক্ষমতা নষ্ট হচ্ছে। বর্ষাকালে ভাগলপুর ও মুঙ্গেরের মতো পার্শ্ববর্তী জেলাতে ভয়াবহ বন্যা বয়ে আনছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়। ৩০ বছর মেয়াদের চুক্তিটি আগামী ডিসেম্বরে শেষ হবে। বিহার সরকারসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ওই চুক্তি আর নবায়ন না করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ফারাক্কা ব্যারেজ ভেঙে নদীর প্রবাহ স্বাভাবিক রাখারও দাবি জানিয়েছেন।

Read more — স্থানীয়
← Home