চাঁপাইনবাবগঞ্জে উত্তাল পদ্মা নদীতে নৌকাডুবি, ভেসে ভারতে গিয়ে উদ্ধার ১০ জন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে উত্তাল পদ্মা নদীতে নৌকাডুবি, ভেসে ভারতে গিয়ে উদ্ধার ১০ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী থেকে জোহরপুর যাওয়ার পথে পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ডুবে যাওয়া ওই নৌকায় থাকা ১০ যাত্রী ভেসে ভারত ভূখণ্ডে চলে গেলে তাদের উদ্ধার করে বিএসএফ। তবে এখনও নিখোঁজ রয়েছেন একজন।

পুলিশ, বিজিবি ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব তথ্য নিশ্চিত করেছেন। ভারতে ভূখণ্ডে উদ্ধার বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে তৎপরতা শুরু করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, শনিবার বিকাল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন বাখেরআলী থেকে হতে জোহুরপুর যাচ্ছেলেন নারী-শিশুসহ ১২ জন। পদ্মা নদীতে মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ জন ভেসে গিয়ে ভারতীয় ভূখণ্ডের একটি এলাকায় ওঠে বলে জানতে পেরেছি। সাঁতরে বাংলাদেশ অংশে ওঠে একজন। তবে মোস্তফা হোসেন নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, উত্তাল পদ্মায় ভেসে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে ওঠতে সহযোগিতা করে বিএসএফ সদস্যরা। ভারতের মুর্শিদাবাদ জেলার খান্দুরা বিএসএফ সদস্যরা তাদের টহল স্পিডবোটের মাধ্যমে ভেসে যাওয়া বাংলাদেশি ১০ নাগরিককে উদ্ধার করে। তারা বর্তমানে বিএসএফর হেফাজতে রয়েছেন।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সাথে কথা হয়েছে। বিএসএফ উদ্ধার হওয়ার সবাইকে ফেরত দিতে চেয়েছে। এরইমধ্যে ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে।

Read more — স্থানীয়
← Home