টানা ১০দিন বৃদ্ধির পর পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ণ
টানা ১০দিন বৃদ্ধির পর পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে

টানা ১০ দিন বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার অপর দুই নদী মহানন্দা ও পূনর্ভবাতে। পদ্মায় পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী হয়ে আছে জেলার দুটি উপজেলার প্রায় সাড়ে তিন হাজার পরিবার।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার সকাল ৯ টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি স্তর কমেছে ৬ সেন্টিমিটার। পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে রোববার সকাল ৯ টায় পানির সমতল রেকর্ড করা হয় ২১ দশমিক ৭৩ মিটার। এদিকে গত ২ সেপ্টেম্বর থেকে পানি বৃদ্ধি শুরু হয় পদ্মা নদীতে। ১১ সেপ্টেম্বর থেকে টানা পানি বাড়ে এ নদীতে। বিপৎসীমার কাছাকাছি চলে আসে পানির স্তর। এতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। প্রায় সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানি কমতে শুরু করায় নদী তীরবর্তী এলাকার মানুষের মাছে স্বস্তি ফিরেছে।

তবে গত ২৪ ঘণ্টায় জেলার মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার ও পূনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসন হাবীব বলেন, পদ্মা নদীতে দ্রুতই পানি কমে যাবে। পানিবন্দী এলাকাগুলো থেকেও পানি নেমে যাবে। মহানন্দা ও পূনর্ভবা নদীতে পানি বাড়লেও আগামী ২-৩ দিনের মধ্যে কমতে শুরু করবে।

Read more — স্থানীয়
← Home