গোমস্তাপুরে ‘বিএনপি নেতাকে আওয়ামী লীগের কর্মী' দেখিয়ে কারাগারে পাঠাল পুলিশ?

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
গোমস্তাপুরে ‘বিএনপি নেতাকে আওয়ামী লীগের কর্মী' দেখিয়ে কারাগারে পাঠাল পুলিশ?

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়াএকটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী হিসেবে গ্রেপ্তার মো. সাদেক আলীকে নিজের কর্মী হিসেবে দাবি করেছে স্থানীয় বিএনপি। ‘পুলিশ অযথা হয়রানী করতে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়েছে’ বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে পুলিশ বলছে- সাদেক আলীর আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ আছে তাদের কাছে। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার সাদেক আলী গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তাহসেন আলীর ছেলে। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা বলেন, ‘সাদেক আলী বর্তমানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপির রাজনীতি করেন। অথচ তাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এতে আমরা ক্ষুব্ধ। তিনি বলেন, পুলিশকে আরও সতর্কতার সঙ্গে তদন্ত করতে হবে। যাতে কোনো নিরপোরাধ মানুষ হয়রানির শিকার না হন। 

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গনি হামিদ জানান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আমাকে ঘটনাটি জানিয়েছে। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাদেক আলীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে পুলিশের কাছে তথ্য—প্রমাণ রয়েছে। সেসব তথ্য যাচাই—বাছাই করেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, তদন্তকারী কর্মকর্তারা নিয়মিত মামলার অংশ হিসেবে তদন্ত করেই সাদেক আলীকে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা ও প্রমাণের বিষয়টি আদালতেই নির্ধারিত হবে।

Read more — স্থানীয়
← Home