ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় আশেপাশে থাকা নাগরিকের হাতে লিফলেট দেওয়া হয়। 

কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার আশপাশের ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ দিয়ে স্প্রে করা হয়। 

র‌্যালি শেষে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম, শহর পরিকল্পনাবীদ ইমরান হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা আহসান হাবিব, সেনেটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, কনজারভেন্সী ইন্সপেক্টও রোজিবুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক ও সম্পাদক আব্দুল আজিজ খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ বলেন, ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজসহ ডেঙ্গু নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস করার কার্যক্রম  চলছে।

 

Read more — স্থানীয়
← Home