চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীদের বেশির ভাগই আক্রান্ত ডেন-৪ ভেরিয়েন্টে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীদের বেশির ভাগই আক্রান্ত ডেন-৪ ভেরিয়েন্টে

চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রিপাড়া আবু রায়হান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন সেপ্টেম্বরের শুরুর দিকে। আক্রান্তের চতুর্থ দিনে তার রক্তের প্লাটিলেট কমে যায় মাত্র ১৭ হাজারে। ওই সময় হাঁটা বা চলাফেরা করা তো দূরের কথা, হাসপাতালের বিছানায় শুয়ে এপাশ-ওপাশ হওয়ারও শক্তি ছিলো না তার শরীরে। 

শহরের নিউ ইসলামপুরে ভাড়া বাড়িতে থাকা ব্যাংক কর্মকর্তা আসাদুল ইসলামেরও একই অবস্থা হয়েছিলো। যেদিন তিনি নিশ্চিত হোন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সেদিনই তার রক্তের প্লাটিলেট ছিলো ২১ হাজারে। শরীর অসাড় হয়ে যাওয়ার পাশাপাশি মাথা ঘোরার উপসর্গ ছিলো তার। 

কিন্তু কেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্লাটিলেট এত দ্রুত কমে যাচ্ছে এ বছর? যেখানে রক্তের প্রতি মাইক্রোলিটারে দেড় লাখ থেকে সাড়ে ৪ লাখ প্লাটিলেটকে স্বাভাবিক ধরা হয়, যেখানে হঠাৎ করেই কেন তা নেমে যাচ্ছে মাত্র ১৭ হাজারে? চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসকরা বলছেন- এবার বেশিরভাগ রোগীই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুর ডেন-৪ ভেরিয়েন্টে।  

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার বলেন, এ বছর ডেঙ্গু রোগীদের বেশিরভাগই ডেন-৪ ভেরিয়েন্টে আক্রান্ত। ডেন-৪ ভেরিয়েন্টের কারণেই তাদের রক্তের প্লাটিলেট দ্রুতই কমে যাচ্ছে। তবে যেহেতু আমরা বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিচ্ছি সেহেতু ভয়ের কিছু নেই। 

তিনি বলেন, এবারে আইসিডিডিআর’বি  ও আইইডিসিআর ডেঙ্গু আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। তারাই নিশ্চিত করেছে ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই ডেন ফোর-এ। আমরা তাদের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী রোগীদের চিকিৎসা দিচ্ছি। তিনি আরও বলেন, প্লাটিলিয়ার কমলেও সেটার অল্টারনেটিভ ব্যবস্থা হচ্ছে রোগীকে রক্ত দেয়া। আমাদের হাসাপাতালে এগুলোর ব্যবস্থা আছে। তাই ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আসতে হবে। 

হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন। চলতি বছরে মোট রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৬। এছাড়া এ বছরে হাসপাতালের বহিঃবিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ১০৩ জন।

Read more — স্থানীয়
← Home