সৎ ও মেধাবী কর্মকর্তাদের পদায়ন করে ভঙ্গুর প্রশাসন সচল করছে সরকার

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ
সৎ ও মেধাবী কর্মকর্তাদের পদায়ন করে ভঙ্গুর প্রশাসন সচল করছে সরকার

সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, বিদ্যুৎ সংকটের জন্য অতীতের দুটি সরকারকেও দায়ী করেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দায়িত্ব গ্রহণের পর এ সরকার ভঙুর একটি প্রশাসন পেয়েছিলো। মাঠ প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। এরইমধ্যে প্রশাসন সচল হয়েছে। ভবিষ্যতে প্রশাসন আরও শক্তিশালী হবে। এরইমধ্যে প্রশাসনের কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছলতা আনতে তাদের বেতন প্রায় দ্বিগুন করে দেয়া হয়েছে। 

অতীত সরকারগুলোর ভুল সিদ্ধান্তের কারণেই বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, অনেকগুলো বিদ্যুকেন্দ্র তৈরি করা হয়েছে। কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানীর উৎস ঠিক করা হয়নি। এমনকি অতীতের সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে এখন পর্যন্ত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে আনা যায়নি।। 

বর্তমান সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানী আমদানি করতে নানামূখি উদ্যোগ নিয়েছে। দ্রুতই জ্বালানী সংকট কেটে যাবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। 

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ এসে জেলা প্রশাসক চত্ত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্না অভিযানের উদ্বোধন করেন তিনি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেও এক মতবিনিময় সভায় অংশ নেন  প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

Read more — স্থানীয়
← Home