ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকায় চলছে পরিচ্ছন্ন অভিযান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকায় চলছে পরিচ্ছন্ন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে গঠিত ৮ টিমের সদস্যরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। 

এরই অংশ হিসেবে টিম নম্বর-৮ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরমধ্যে নামো-নিমগাছি, শিবপুর ও আশপাশের এলাকায় ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ও কীটনাশক ওষুধ স্প্রে করা হয়। সচেতনতামুলক লিফলেটও বিতরণ করা হয়। এসময় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সম্পাদক আজিজ খাঁন। 

অভিযানে অংশ নেন রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যসহ পৌরসভার কর্মচারীরা। 

এছাড়া অন্যান্য টিমও অন্যান্য ওয়ার্ডে তাদের অভিযান পরিচালনা করেন। 

সংশ্লিষ্টরা জানান, বসতবাড়ি ও আশপাশের জঙ্গল কেটে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা ফেললে প্রতিটি এলাকার পরিবেশ ভাল থাকবে।

Read more — স্থানীয়
← Home