চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪ টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত ফেরদৌসী খাতুন (৩০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা-চাঁন্দলাই মহল্লার আরিফুল ইসলামের স্ত্রী। 

ডা. মাহবুব হাসান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌসী। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিলো। রাতে তার অবস্থার অবনতি হয় এবং ভোর ৪ টার দিকে তিনি মারা যান। 

এদিকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, বুধবার ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। বাকীরা আগে থেকেই ভর্তি ছিলেন। এ বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত শুধু জেলা হাসপাতালেই ১ হাজার ৬২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

Read more — স্থানীয়
← Home