চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মাইনুদ্দিন হিরা এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম কবির ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়ার মৃত তাজেমুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুস সালাম বলেন, ২০২২ সালের ২৩ আগস্ট বিদ্যালয়ের একটি কক্ষে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন। ওই দিনই ছাত্রীর চাচা শিবগঞ্জ থানায় গোলাম কবিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। 

মামলার তদন্ত শেষে একই বছরের ২০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল গণি আদালতে গোলাম কবিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

পরে মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে গোলাম কবিরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Read more — স্থানীয়
← Home