চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার আনোয়ারুল আজিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন রিংকু। তার শরীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে মারা যান তিনি।

রিংকুর পারিবারিক বন্ধু মতিউল ইসলাম শিপন ও কামরুল হাসান জুয়েল জানান, রিংকু ও তার স্ত্রী-সন্তান একই সঙ্গে জেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুব হাসান বলেন, রাত ৯ টা ৪০ মিনিটে ডেঙ্গুর শক সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি হন রিংকু। এ সময় তার হৃদস্পন্দনের হার অনেক কম ছিলো। অবস্থা গুরুত্বর বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতপালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী- ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদেরমধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন।

Read more — স্থানীয়
← Home