দুর্গোৎসবে গুজব রোধে সজাগ থাকার তাগিদ

আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
দুর্গোৎসবে গুজব রোধে সজাগ থাকার তাগিদ

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন দুর্গাপূজায় গুজব ছড়ানোরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক স্বপন ঘোষ প্রমুখ। 

দুই সংসদ সদস্য ও জেলা প্রশাসক তাদের বক্তব্যে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুজব প্রতিরোধে গুরুত্ব দেন। জেলা প্রশাসক বলেন, কোনভাবেই দুর্গোৎসবকে ঘিরে গুজব ছড়াতে দেয়া যাবে না। এ বিষয়ে আইনশঙ্খলা বাহিনী থেকে শুরু করে সনাতন ধর্মের নেতৃবৃন্দ, মণ্ডপ কর্তৃপক্ষকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। 

এছাড়াও দুর্গোৎসবের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

 

Read more — স্থানীয়
← Home