গোমস্তাপুরে দুস্থ-অসুস্থদের অনুদানের চেক ও আর্থিক সহায়তা প্রদান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
গোমস্তাপুরে দুস্থ-অসুস্থদের অনুদানের চেক ও আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে অনুদানের চেক ও বিশেষ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চেক ও আর্থিক সহায়তা দেয়া হয়। 

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন গোমস্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। বক্তব্য রাখেন জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২৫ জনকে ১০ হাজার টাকা করে  আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সংসদ সদস্য ড. মিজানুর রহমানের নিজস্ব তহবিল থেকে বিশেষ আর্থিক সহায়তা হিসেবে আরও ৩৬ জনকে ৫০ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের এককালীন অনুদানের চেকও তুলে দেওয়া হয় উপকারভোগীদের হাতে।

Read more — স্থানীয়
← Home