আম ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদ ও কেডিসি বস্তি উচ্ছেদের দাবি

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
আম ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদ ও কেডিসি বস্তি উচ্ছেদের দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদ ও কেডিসিপাড়া বস্তি উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার রহনপুর রেলওয়ে স্টেশন আম বাজারে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আম ব্যবসায়ীদের চারটি সংগঠন।

এতে লিখিত বক্তব্য পড়েন আম ব্যবসায়ি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু।

সংবাদ সম্মেলনে বলা হয়-  গত মঙ্গলবার রাতে কেডিসিপাড়ার বস্তির মাদক ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালায় আম ব্যবসায়ীদের উপর। এতে ৫ আম ব্যবসায়ী আহত হয়। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

এছাড়া সংবাদ সম্মেলন থেকে কেডিসিপাড়া বস্তি উচ্ছেদের দাবি জানানো হয়। এ সময় বলা হয়, কেডিসিপাড়া বস্তিতে মাদক, দেহ ব্যবসা থেকে শুরু করে নানান অপরাধ ও অপকর্ম চলে আসছে। রহনপুরের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নিত হওয়ার পেছনেও এই বস্তি দায়ী। ওই বস্তি উচ্ছেদ করা হলে রহনপুর পৌরবাসীর স্বস্তি পাবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, তারিক আহমেদ,  আশরাফুল ইসলাম, আলাউদ্দিন পারভেজ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর আমচাষী সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আম ব্যবসায়ী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান হবি, আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী,সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ অন্যরা। 

প্রসঙ্গত:গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে ওই বস্তির মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ জন আম ব্যবসায়ি আহত ও ইউএনও গাড়ি ভাংচুর করা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক জানান, বৃহস্পতিবার মামলা দায়ের করার পর রাতে ওই বস্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের  চেষ্টা করা হচ্ছে। 

Read more — স্থানীয়
← Home