গোমস্তাপুরে বেকারীতে ভয়াবহ আগুন, ভস্মিভূত সরঞ্জাম-কাঁচামাল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
গোমস্তাপুরে বেকারীতে ভয়াবহ আগুন, ভস্মিভূত সরঞ্জাম-কাঁচামাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বেকারীরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বেকারীতে স্থাপিত বিভিন্ন সরঞ্জাম ও বিস্কুট-পাউরুটি তৈরির কাঁচামাল পুড়ে নষ্ট হয়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

বেকারীর মালিক আব্দুস সাত্তার জানান, ভোররাতে বেকারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুনে পুরো কারখানাটি পুড়ে গেছে। উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। 

গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহাতাব মৃধা জানান, খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে শুক্রবার বিকেলে এলাকার সংসদ সদস্য ড.মিজানুর রহমান আগুনে ক্ষতিগ্রস্থ বেকারীটি পরিদর্শন করেন। এ সময় তিনি বেকারীর মালিককে আর্থিক সহায়তার আশ্বাস দেন। 

Read more — স্থানীয়
← Home