মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
 মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত সব পূজামণ্ডপ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছরজেলার ৫ উপজেলায় ১৬৪ টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার দেবীর আরাধনার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। প্রতিটি মন্ডপে শোভা পাচ্ছে দেবী দুর্গা, সেই সাথে সেজেছে মন্ডপ। দেবী দূর্গার আগমনে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দের দোলা ছড়িয়ে পড়েছে। এদিকে মণ্ডপে মণ্ডপে সকালে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। পাশাপাশি মন্ডপে মন্ডপে শুরু হয়েছে চন্ডিপাঠ। সনাতন ধর্মীয় শাস্ত্রে, জগতের কল্যাণ কামনায়  এবার ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবে দেবী দুর্গা, আর নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবে। 

পঞ্জিকামতে, শনি ও রোববার দুই দিনব্যাপী ‘মহাসপ্তমী’ তিথি থাকায় পরদিন থেকেই পুরোদমে শুরু হবে পূজার মূল শাস্ত্রীয় পর্ব। প্রথমদিন মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে।  আয়োজকরা বলছেন- এই ভীড় আরো বাড়বে। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, জেলায় এবার ১৬৪ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এর মধ্যে সদরে ৬১, শিবগঞ্জে ৫১, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৭ ও ভোলাহাটে ৩টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। প্রতিদিন পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে ভক্তদের যেন আনন্দের কমতি নেই। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিটি মণ্ডপে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আনসার বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি মণ্ডপের স্বেচ্ছাসেবকরা রয়েছে। এছাড়া গোয়েন্দা সদস্যদের নজরদারী এবং পুলিশ সদস্যরা টহলে রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি  মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

Read more — স্থানীয়
← Home