চীনের ক্যান্টন ফেয়ারে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ২১ ব্যবসায়ী

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
চীনের ক্যান্টন ফেয়ারে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ২১ ব্যবসায়ী

নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টিসহ আন্তর্জাতিক অঙ্গনে চাঁপাইনবাবগঞ্জকে তুলে ধরতে চীনের ক্যান্টন মেলায় যাচ্ছেন জেলার ২১ ব্যবসায়ী। শনিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। 

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনোনীত ওই ব্যবসায়ীক প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংগঠনের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন। 

শনিবার চেম্বারের সচিব বঙ্কিম চন্দ্র দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের গুয়াংজু শহরে ৫ দিনের ক্যান্টন ফেয়ার শুরু হবে ১৮ অক্টোবর থেকে। এটি চীনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলাতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি, সরবরাহকারী খোঁজাসহ ব্যবসায়িক যোগাযোগ তৈরির জন্য অংশ নেন।

মেলায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন- পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. আরিফ উদ্দিন ইতি, মো. আব্দুল আওয়াল, সদস্য মো. নাসিম, মো. নাজিমুল হক, মো. আব্দুল ওয়াশি মুহাম্মদ, মাসুম বিল্লাহ, আব্দুল মোমিন, ওমর ফারুক সুমন, ইসমাইল খান শামীম, মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আলি হাসান মুক্ত, রুবেল আলী, জাহিদ হাসান, শরিফুল ইসলাম এবং সহকারী সচিব জয় কুমার ঘোষ প্রমুখ ।

চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ । চীনের ক্যান্টন ফেয়ারে আমাদের প্রতিনিধি দলের অংশগ্রহণ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জন, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। এই সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও যোগাযোগ ভবিষ্যতে জেলার ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

Read more — স্থানীয়
← Home