চাঁপাইনবাবগঞ্জে মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে সন্ধিপূজা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে সন্ধিপূজা

চাঁপাইনবাবগঞ্জে নানান আনুষ্ঠানিকতায় উদযাপন হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। এই দিনে দেবী দুর্গাকে তাঁর অষ্টম রূপ মা মহাগৌরী হিসেবে পূজা করা হয়। সকালে তিথি অনুযায়ী মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সন্ধি পূজা। পুরাণমতে- এই সন্ধিক্ষণেই দেবী দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করে চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন। এরপর অনুষ্ঠিত হয় কুমারী পূজা।

শনিবার ও রোববার দুই দিনব্যাপী মহাসপ্তমী উদযাপনের পর সোমবার মহাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। চণ্ডীপাঠ, পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

এ ছাড়া মহাষ্টমীর গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা। পুরোহিত জানান, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই পূজা অনুষ্ঠিত হয়। অষ্টমীতে ৪৮ মিনিটের মধ্যে সন্ধিপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। রঙিন আলোকসজ্জা, ঢাকের বাদ্য এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীরা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করছেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উপকন্ঠ বারঘরিয়ায় রাজশাহী অঞ্চলের মধ্যে সবচাইতে ঐতিহ্যবাহী ২২টি মূর্তি নিয়ে বাইশপুতুল দুর্গাপূজার।

বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মৃণাল কান্তি পাল জানান, আনুমানিক ১৭০৫ সাল হতে এ পূজাটি বংশানুক্রমিকভাবে হয়ে আসছে, যার পূর্তি ৩২১ বছর। এ পূজাটি অনুষ্ঠিত হতো চৌডালা কেন্দ্রীক। এর ইতিহাস রয়েছে, একসময় বন্যা হয়েছিল, বন্যার সময় এলাকাটি প্লাবিত হওয়ায় মায়ের সেই কাঠামোটি ভাসতে ভাসতে বারঘরিয়া এলাকার নদীর ঘাটে চলে আসে। কথিত রয়েছে, পূর্ব পুরুষদের স্বপ্নে দেখায় এখানে এ পূজাটি করতে হবে। আজ অবধি পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনের জন্য অজস্র দর্শনার্থীর আগমন ঘটে থাকে।

Read more — স্থানীয়
← Home