২ লাখ জনসংখ্যার দিয়াড় ও চরাঞ্চলে নতুন উপজেলা চান এমপি বুলবুল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
২ লাখ জনসংখ্যার দিয়াড় ও চরাঞ্চলে নতুন উপজেলা চান এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভেঙ্গে নতুন আরেকটি উপজেলা গঠনের জন্য আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সম্প্রতি তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে ডিও লেটার দেন। প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রাণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন ডিও লেটারটি।

ওই ডিও লেটারে বলা হয়েছে- ভৌগোলিক বৈশিষ্ট্যের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা অত্যন্ত স্বাতন্ত্রমণ্ডিত। এই জেলার এক বিশাল অংশ মহানন্দা নদীর পশ্চিমে নদী-গঠিত দিয়াড় অঞ্চল হিসেবে বিস্তৃত। এমনকি সরকারি জেলা তথ্যাদিতেও চাঁপাইনবাবগঞ্জের ভূ-প্রকৃতিকে বরেন্দ্র ও দিয়াড়-এই দুই প্রধান ও স্বতন্ত্র ভাগে বিভক্ত করা হয়েছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বিগত ৫৫ বছরেও এই সম্ভাবনাময় অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান, সুনির্দিষ্ট নাগরিক সুবিধা কিংবা প্রয়োজনীয় অবকাঠামোগত ক্ষেত্রে দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটেনি।

এই স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ও বাস্তবতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্থানীয় সর্বস্তরের জনগণের মধ্যে একটি পৃথক উপজেলা পরিষদ গঠনের আকুল দাবি বিদ্যমান। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ৭টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে একটি নতুন উপজেলা গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে ‘বাস্তবায়ন কমিটি' গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

ডিও লেটারে সদর উপজেলার ৭ টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি জানানো হয়েছে। ওই ৭ ইউনিয়নের মোট আয়াতন ২৩৩ দশমিক ৮০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ লাখ ৯৪ হাজারের বেশি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, এটি কেবল একটি নতুন প্রশাসনিক ইউনিট সৃষ্টির দাবি নয়। এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক ও অর্থনৈতিক অঞ্চলের সার্বিক সম্ভাবনার সদ্ব্যবহার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে উপযুক্ত প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার ন্যায্য দাবি। ওই সাত ইউনিয়নের প্রায় দুই লাখ জনগোষ্ঠী সদর থেকে বিচ্ছিন্ন। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন, নাগরিক সুযোগ- সুবিধার বিস্তার এবং সুষম অবকাঠামোগত বিকাশ কেবল প্রচলিত সাধারণ সরকারি বরাদ্দের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়।

Read more — স্থানীয়
← Home