পুলিশের অভিযানে হাসুয়া নিয়ে তেড়ে এলো মাদক ব্যবসায়ীরা, গ্রেপ্তার ৩

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
পুলিশের অভিযানে হাসুয়া নিয়ে তেড়ে এলো মাদক ব্যবসায়ীরা, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযানে গিয়ে ধারালো অস্ত্র হাতে নিয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুলিশকে। এ সময় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাত থেকে পুলিশ রেহাই পেলেও জখম হয়েছেন স্থানীয় এক ব্যক্তি। রোববার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ অবশ্য শেষ পর্যন্ত অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।;

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মো. খোকন ও মো. নাহিদ আহম্মেদ রিপন এবং একই এলাকার মো. জাহাঙ্গীর।

ওসি মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় কামারপাড়ায় অভিযানে যায় পুলিশের একটি দল। অভিযানে গিয়ে তারা বাধার মুখে পড়ে। পুলিশ সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা ধারালো হাসুয়া নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে।

তিনি বলেন, ওই সময় পুলিশ সদস্যরা সরে আসেন তবে মাদক ব্যবসায়ীদের হাসুয়ার কোপে স্থানীয় এক ব্যক্তি আহত হন। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৬ বোতল বিদেশি ও একটি হাসুয়া মদ জব্দ করা হয়।

ওসি আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ রাতভর অভিযান চালায়। এ সময়ে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ খোকন ও রিপনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হোন জাহাঙ্গীর। তারা তিনজনই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Read more — স্থানীয়
← Home