শুভ বিজয়া দশমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
শুভ বিজয়া দশমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

মণ্ডপে মণ্ডপে বিষাদের ছায়া। ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, পূজারি-ভক্তদের পূজা-অর্চনায় মা দুর্গার বিদায়ের আয়োজন। আজ শুভ বিজয়া দশমী। 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন দেবী দুর্গা। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন প্রতিমা। এর মাধ্যমে ভাঙবে ছয় দিনের সার্বজনীন মিলনমেলা।

এর আগে মহানবমীর দিনে চাঁপাইনবাবগঞ্জের মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যনীয়। এ দিন বিহিত পূজার মাধ্যমে পালিত হয় মহানবমী। মণ্ডপগুলোতে সকাল থেকে ভক্তদের আনাগোনা শুরু হয়। ভক্তরা মণ্ডপে মণ্ডপে অঞ্জলি নিবেদন ও ভোগ দিয়েছেন। 

শাস্ত্র অনুযায়ী মহানবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। এ দিন নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল এবং ১০৮টি বেল পাতা ও ঘি দিয়ে যজ্ঞ ও বিহিত পূজা সম্পন্ন করা হয়। হিন্দু সম্প্রদয়ের বড় ধর্মীয় উৎসব ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হয়। টানা ৬ দিনের উৎসবের পর আজ বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে। 

মহানবমীতে দেবীর বন্দনায় প্রতিটি পূজামন্ডপে বিষাদের সুর বাজতে শুরু করে। দুর্গতি নাশিনী মহিষাসুর আরাধনা শেষে মা দুর্গা ফিরবেন কৈলাশে স্বামীগৃহে। বছরান্তে দেবী দুর্গার আগমনে এ বছর ৬দিন জেলা প্রতিটি মন্দিরে বিরাজ করছিল আনন্দ আর উদ্দীপনাময় পরিবেশ। এবার দেবী এসেছেন ঘটকে, যাবেন  নৌকায় চড়ে। 

এবার চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

Read more — স্থানীয়
← Home