ভগ্নিপতি ‘মেরে ফেলার’ হুমকি দিচ্ছেন, দুই ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
ভগ্নিপতি ‘মেরে ফেলার’ হুমকি দিচ্ছেন, দুই ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভগ্নিপতির কাছ থেকে ‘মেরে ফেলার’ হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাফসান রহমান নামে এক ব্যক্তি। ওই জিডিতে নিজের ও ছোট ভাই রাফাত রহমানের নিরাপত্তা চাওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর শিবগঞ্জ থানায় জিডিটি নথিভূক্ত হয়েছে।

রাফসান রহমান শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুরের আতাউর রহমানের ছেলে।

জিডিতে উল্লেখ করা হয়েছে- রাফসানের ছোট বোনকে তাদের পরিবারের অমতে প্রায় ৬ মাস আগে বিয়ে করেন শিবগঞ্জ পৌর এলাকার কারবালা মোড়ের শাহাদাত হোসেন। কিন্তু ওই বিয়ে মেনে নেননি রাফসান ও তার ছোট ভাই রাফাত। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদাত বিভিন্নভাবে হুমকি দেয়া শুরু করেন। এরই ধারাবাহিকতায় শাহাদাত গত ১৫ অক্টোবর রাত ১ টার দিকে রাফসানদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে দুই ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

রাফসান আলী বলেন, জিডি করার পর আমার স্ত্রীকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। আমার বোন মোবাইল ফোনে আমার স্ত্রীকে হুমকি দেয়। এছাড়াও ফেসবুকে শাহাদাত ও আমার বোন নানানভাবে হুমকি দিয়ে স্ট্যাটাস দিচ্ছে। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয়েছে। সব মিলিয়ে আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি।

শাহাদাতের স্ত্রীর ফেসবুক স্টোরিতে পোস্ট করা একটি ছবির স্ক্রিন শট এসেছে চাঁপাই লাইভের হাতে। তবে সেটি নিরপক্ষেভাবে যাচাই করতে পারেনি চাঁপাই লাইভ। ছবিতে প্রদর্শিত অস্ত্রটি আসল কি-না সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, রাফসান রহমান নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৮৮২। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more — স্থানীয়
← Home