রাজশাহীর বারী হত্যার মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
রাজশাহীর বারী হত্যার মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

রাজশাহীর আলোচিত আব্দুল বারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রবিউলকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন নামোসুন্দরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়ল 

এসআরবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার রবিউল রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়ার জামাল উদ্দীনের ছেলে। হত্যাকাণ্ডের পর নামোসুন্দরপুরে এক আত্মীয়ের বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছে এসআরবি। 

এসআরবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বারী হত্যা মামলার ১০ নম্বর এজাহারভূক্ত আসামি রবিউল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নামোসুন্দরপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী রাজপাড়া থানার বাকির মোড়ে মুদি দোকানি আবদুল বারীকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেয়া হয় তার দোকানটি। টাকা ভাঙানো নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

Read more — স্থানীয়
← Home