ডেঙ্গুর হটস্পট চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শনে স্বাস্থ্যসচিব, জনসচেতনতা বাড়ানোর তাগিদ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২২ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
ডেঙ্গুর হটস্পট চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শনে স্বাস্থ্যসচিব, জনসচেতনতা বাড়ানোর তাগিদ

ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসাপাতাল পরিদর্শন করেন তিনি।

বেলা ১২ টার দিকে বজলুর রশীদ জেলা হাসপাতালে যান। সেখানে ডেঙ্গু ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখেন। কথা বলেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সঙ্গে। এছাড়াও অন্যান্য ওয়ার্ডও ঘুরে দেখেন স্বাস্থ্যসচিব। 

পরে স্বাস্থ্যসচিব সাংবাদিকদের বলেন, দেশের যে কয়েকটি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটি। জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। পরিস্থিতির উন্নয়নে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগী অনেক। অথচ পাশের রাজশাহী, নাটোর, বগুড়াতে তেমন রোগী নেই। চাঁপাইনবাবগঞ্জ কেন ডেঙ্গু ছড়াচ্ছে তা দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। সে ক্ষেত্রে হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি জনসচেতনা বৃদ্ধিতে জোর দিয়েছে স্বাস্থ্যবিভাগ।

পরে স্বাস্থ্যসচিব জেলা হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।;

এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তারসহ অন্যরা।

মত বিনিময় সভায় জেলা হাসপাতালের চিকিৎসক সংকটের কথা তুলেন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের শূণ্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্বাস্থ্যসচিব।

Read more — স্থানীয়
← Home