সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেছেন কোমলমতি শিক্ষার্থীরা ডিজিটাল প্রতারণার ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ডিজিটাল মাধ্যম বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংরবাটি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি। মাদকের ভয়াবহতা, বাল্যবিয়ে, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার সুরক্ষা, ট্রাফিক আইন ও অন্যান্য বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সব অপরাধের মূলে রয়েছে মাদক। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক নির্মূল ছাড়া সম্ভাবনাময় ভবিষ্যৎ জাতি গঠন সম্ভব নয়।

বাল্যবিয়ে নিয়ে কথা বলতে গিয়ে পুলিশ সুপার বলেন, বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। এটি শুধু অপরাধই নয়, কোমলমতি শিশুর সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের কারণ। মেয়েদের ১৮ বছরের নিচে এবং ছেলেদের ২১ বছরের নিচে ছেলের বিয়ে দেয়া তেকে বিরত থাকতে হবে। বাল্যবিয়ের ঘটনা ঘটলে পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে হবে। 

পুলিশ সুপার আরও আরও বলেন, পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং বা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন খারাপ বা হতাশাবোধ করলে পরিবার, শিক্ষক, বন্ধু অথবা পুলিশের সাথে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।

কর্মশালায় বক্তব্য রাখেন নামোশংরবাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অন্যরা। 

Read more — স্থানীয়
← Home