চাঁপাইনবাবগঞ্জে চারদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিনজনের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে চারদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত চারদিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার তিন জনের মৃত্যু হয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জের দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মঙ্গলবার মৃত রেজাউল করীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ১নং পৌর কলনীর লাল মোহাম্মদের ছেলে।

ডা. মাহবুব হাসান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম সোমবার বেলা ১ টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিলো। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি।

এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা ও কলেজছাত্র আব্দুল হাসিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান মো. মুরশালিন নামে আরও একজন। মুরশালিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকরতলা-কাঁঠালিয়াপাড়ার বাসিন্দা ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, দুই মাসের বেশি সময় ধরে জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ চলছে। ডেঙ্গু প্রতিরোধে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

Read more — স্থানীয়
← Home