মোহাম্মদ আলী সরকারের ৩ সন্তান গ্রেপ্তার, কোল্ড স্টোরেজে হামলা

লাইভ রিপোর্ট
৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ণ
মোহাম্মদ আলী সরকারের ৩ সন্তান গ্রেপ্তার, কোল্ড স্টোরেজে হামলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে একটি সংসদ উপ-নির্বাচনে অংশ নিয়ে পরাজিত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের তিন সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার সরকার কোল্ড স্টোরেজ থেকে তাদের  গ্রেপ্তার করা হয়। নারীসহ তিনজনকে নির্যাতনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন সরকার কোল্ড স্টোরেজে হামলা ও ভাঙচুরে করে স্থানীয়রা।

মোহাম্মদ আলী সরকারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে। তবে দীর্ঘদিন ধরে তিনি রাজশাহীতে বসবাস করেন। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), মেয়ে আঁখি (৩৫) ও হাবিবা (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী সরকারের সঙ্গে এক নারীর সম্পর্ক ছিলো। এর সূত্র ধরে তার সন্তানরা ওই নারীকে ডেকে পাঠান কোল্ড স্টোরেজে। ওই নারী তার ছোট বোন ও খালাত ভাইকে নিয়ে আজ সকালে কোল্ড স্টোরেজে যান। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ওই নারী, তার ছোট বোন ও খালাত ভাইকে নির্যাতন করা হয়। ঘটনা জানতে পেরে স্থানীয় লোকজন জড়ো হয়ে কোল্ড স্টোরেজে হামলা ও ভাঙচুর চালায় এবং জিকো, আঁখি ও হাবিবাকে অবরুদ্ধ করে রাখে। পরে রাজশাহী এয়ারপোর্ট থানার পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন জানান, তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের প্রায় চার বছর পদত্যাগ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম। পরে ওই আসনে উপ-নির্বাচন হলে তাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন মোহাম্মদ আলী সরকার। ২৫ হাজার ৩৯৯ ভোট পেয়ে তিনি পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের কাছে।

Read more — স্থানীয়
← Home