শিবগঞ্জে জাতীয় পার্টির সাবেক নেতা রিপনের বিরুদ্ধে মানববন্ধন

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
১০ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ
শিবগঞ্জে জাতীয় পার্টির সাবেক নেতা রিপনের বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসীা। শুক্রবার সকালে উপজেলার লহালামারী বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

প্রায় ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে  এলাকার কয়েক শ’ নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুল, মিজানুর ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা। 

বক্তারা রিপন আলী রকির বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। তারা বলেন, রিপন পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য এলাকাবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। অথচ টাকা নিলেও নতুন সংযোগ বা বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়নি। অবিলম্বে টাকা ফেরতসহ রিপন আলীর শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে। 

এ ব্যাপারে কথা বলার জন্য শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি রিপন আলীকে। 

Read more — স্থানীয়
← Home