নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু

লাইভ রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ণ
নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সন্ধ্যা ও রাতে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই ভাইয়ের নাম মো. মিলন (৬০) ও মো. আলম। তারা নাচোল উপজেলার মারকইল-সাহাপুকুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।  

ওসি বলেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিলন ও আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যা ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় মিলন মারা যান। পরে রাত ১০ টার দিকে মারা যান আলম।  

এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পুলিশের পক্ষ থেকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার কথা বলা হলেও সেটি রাজনৈতিক সংঘর্ষ নয় বলে দাবি করেছিলেন নেতারা। সংঘর্ষের পর মঙ্গলবার সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অপরদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছেন স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

Read more — স্থানীয়
← Home