নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় তিন মামলা

লাইভ রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ০৩:০২ অপরাহ্ণ
নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় তিন মামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. মিলন আলী ও তার ভাই আলম আলীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে মিলন আলীর ছেলে সাদেক আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলাদা আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, হত্যা মামলায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে এবং প্রতিপক্ষের যাকেই সামনে পেয়েছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।

তিনি বলেন, হত্যা মামলা ছাড়াও হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলায় দায়ের করেন বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকন পক্ষের কর্মীরা। 

ওসি আরও বলেন, পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে এজাহারভুক্ত কোন আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। স্থানীয় গ্রামবাসী এক আসামির জামাতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। 

গত মঙ্গলবার নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহতহন। আহতদের মধ্যে বুধবার সন্ধ্যায় মিলন আলী ও রাতে আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

Read more — স্থানীয়
← Home