বাবুডাইং আলোর পাঠশালায় যাত্রা শুরু করল ‘সততা স্টোর’

লাইভ রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ণ
বাবুডাইং আলোর পাঠশালায় যাত্রা শুরু করল ‘সততা স্টোর’

বাবুডাইং আলোর পাঠশালায় যাত্রা ‍শুরু করল ‘সততা স্টোর’। রোববার এ স্টোরের উদ্বোধন করা হয়। শিশু শিক্ষার্থীদের সততা-নৈতিকতার শিক্ষা দিতেই এ স্টোর চালু করা হয়েছে। 

সততা স্টোর উদ্বোধনের সময় বক্তব্য দেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম মাখন, বরেন্দ্র কৃষি উদ্যোগের প্রধান নির্বাহী মুনজের আলম মানিক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরসহ অন্য শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী এক শিক্ষানুরাগীর সহযোগিতায় বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। এখানে খাতা, কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণ সুলভ মূল্যে কিনতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী উপকরণ কেনার পর মূল্য নির্ধারিত পাত্রে নিজ দায়িত্বে রেখে দেবে। এতে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে। পাশাপাশি এখন থেকেই শিশুদের সততা ও নৈতিকতার মূল্যবোধ জাগ্রত হবে। 

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাবিয়া বাসরী বলে, সততা স্টোরের শুধু নাম শুনেছিলাম। আজ আমাদের বিদ্যালয়ে এটি চালু হওয়াতে আমরা খুব খুশি। প্রথম দিনই আমি একটি খাতা ও কলম সুলভ মূল্যে কিনেছি। এতে আমাদের খুব উপকার হবে।

 

Read more — স্থানীয়
← Home