দক্ষ কর্মী নেবে কুয়েত, সমঝোতা শিগগিরই: সহকারী পররাষ্ট্রমন্ত্রী

লাইভ রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ণ
দক্ষ কর্মী নেবে কুয়েত, সমঝোতা শিগগিরই: সহকারী পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে নতুন করে দক্ষ শ্রমিক নেবে কুয়েত। শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা সই হবে বলে জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ঈসা জোহর হায়াত। রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ-কথা জানান তিনি। এর আগে, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সামি ঈসা বলেন, বাংলাদেশে সামরিক, তথ্য-প্রযুক্তি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াবে কুয়েত।

এক সময় ব্যাপক হারে কুয়েত যেত বাংলাদেশি শ্রমিকরা। সম্প্রতি নিয়ম-নীতি কঠিন করায় তৈরি হয় জটিলতা।   

কিন্তু কুয়েতের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও খুলছে। এমন সুখবর দিলো ঢাকায় সফররত কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ঈসা জোহর হায়াত। বলেন, তার দেশ চায় দক্ষ শ্রমিক, বাংলাদেশকে সে অনুযায়ী প্রস্তুত হতে হবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সামি ঈসা এসব আশ্বাস দেন। 

সামি ঈসা জোহর হায়াত বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী। এ নিয়ে নতুন করে কাজ করছি। আশা করি শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হবে। উচ্চ পর্যায়ের বৈঠকে এটি সই হতে পারে। এছাড়া, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও আলোচনা হয়েছে। ফ্লাইট বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।’

সেনা প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। 

সামি ঈসা জোহর হায়াত বলেন, ‘বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা রয়েছে। এদেশের ৫ হাজার সেনা সদস্য বেশ কয়েক বছর ধরে কুয়েতে কর্মরত। সামরিক প্রকল্প নিয়েও আমরা আলোচনা করেছি।’

বাংলাদেশ-কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৩৬ বছরে, প্রথমবার রাজনৈতিক সংলাপে বসলো দুই দেশ। দেশটির সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম ডেস্কের সচিব নজরুল ইসলাম। এ সময় খাদ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা, শিক্ষাসহ বেশ কয়েকটি খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন সামি ঈসা।

Read more — জাতীয়
← Home