ভোলাহাটে ভারতীয় শূকরে নষ্ট করছে ফসল, বিজিবির দ্বারস্থ চাষীরা

মো. নাদিম হোসেন
২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ণ
ভোলাহাটে ভারতীয় শূকরে নষ্ট করছে ফসল, বিজিবির দ্বারস্থ চাষীরা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্ত এলাকায় ভারতীয় বুনো শূকরে নষ্ট করছে খেতের ধানসহ বিভিন্ন ফসল। উপজেলার বিলভাতিয়ার ফসলি জমিতে নিয়মিত হানা দিলেও সীমান্ত এলাকা হওয়ায় শূকর প্রতিরোধে ব্যবস্থা নিতে পারছেন না চাষীরা। সোমবার রাতে বিষয়টি নজরে আনা হয় বিজিবি’র। 

স্থানীয়রা জানান, ভোলাহাটের ফুটানীবাজার এলাকায় সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রায় প্রতি রাতেই হানা দেয় বুনো শূকর। বিল এলাকা হওয়ায় ওইসব সীমান্তে কাঁটাতার নেই। আর এই সুযোগে অবাধে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমানায় চলে আসে শূকর। রাতভর ফসলি জমিতে ছুটোছুটি করে। শূকরের ছুটোছুটির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। 

ফুটানীবাজার এলাকার বাসিন্দা এরফান আলী মণ্ডল বলেন, রাতে শূকর আসে ভোর হওয়ার আগেই চলে যায়। সকালে আমরা জমিতে গিয়ে শুধু ক্ষয়ক্ষতির চিত্র দেখি। সীমান্ত এলাকা হওয়ায় রাতে আমরা জমিতে যেতেও পারি না, শূকর তাড়াতেও পানি না। এ নিয়ে বিপাকে পড়েছি। 

স্থানীয়রা বলেন, সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসীরা শূকরের মাংস খায়। তাদের বললে শূকরগুলো ধরে নিয়ে যাবে। কিন্তু সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাতে ফসলি জমিতে তারা যেতে পারছেন না। 

সোমবার রাতে ভোলাহাটে বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে যান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া। তাকে বিষয়টি অবহিত করেন স্থানীয় কৃষকরা। বিজিবি অধিনায়ক কৃষকদের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 

পরে বিজিবি অধিনায়ক চাঁপাই লাইভকে বলেন, বিষয়টি সিভিল প্রশাসনের। কিন্তু যেহেতু সীমান্ত এলাকায় সেহেতু ক্ষতিগ্রস্ত কৃষকরা আমার কাছে এসেছিলেন। বিজিবির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে। 

Read more — স্থানীয়
← Home