চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় জেলা বিএনপির সদস্যসচিবের কারাদণ্ড

লাইভ রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ০২:২৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় জেলা বিএনপির সদস্যসচিবের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর দেয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আঃ বাঃ মোঃ নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। 

বাদীর আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা মো. হাম্মাদ আলী। বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, রফিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে বাদীর কাছ থেকে কিছু দিনের জন্য ৪০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করলে বাদী জোর তাগাদা দিতে থাকেন। এক পর্যায়ে রফিকুল ইসলাম ১০ লাখ টাকা করে প্রাইম ব্যাংকের চারটি চেক প্রদান করেন। চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করলে উল্লেখিত হিসাবে (অ্যাকাউন্টে) সেই পরিমাণ টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যান করা হয়। 

আইনজীবী রবিউল ইসলাম বলেন, ১২ বছরেরও বেশি সময় পর আদালত মামলা রায় দিয়েছেন। রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ রায়ে আমরা সন্তুষ্ট। 

এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, এটি একটি মিথ্যা মামলা ছিল। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

 

Read more — স্থানীয়
← Home