শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার বীজ-সার প্রদান

আতিক ইসলাম সিকো
২১ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ
শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার বীজ-সার প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ হাজার ৮৭০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকের হাতে সার ও বীজ তুলে দেয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

ভার্চুয়ালী যুক্ত হয়ে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ অন্যরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ নানা সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে। পাশাপাশি কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে সরকারের বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে।

অনুষ্ঠানে ৪ হাজার ২০০ কৃষককে সরিষা জন, ৭ হাজার কৃষককে গম, ৫০ জনকে চিনাবাদাম, ১০০ জনকে শীতকালীন পেঁয়াজ, ২০০ জনকে মসুর, ৩০০ জনকে খেসারি ও ২০ জনকে অড়হর বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। 

Read more — স্থানীয়
← Home