সার বিতরণে নৈরাজ্য কমাতে নতুন নীতিমালা বাস্তবায়ন চান বিএডিসি’র ডিলাররা

চাঁপাইনবাবগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন

লাইভ রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
সার বিতরণে নৈরাজ্য কমাতে নতুন নীতিমালা বাস্তবায়ন চান বিএডিসি’র ডিলাররা

চাঁপাইনবাবগঞ্জে এবার পাল্টা সংবাদ সম্মেলন করে সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএডিসি’র সার ডিলাররা। বুধবার দুপুরে জেলা শহরের রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ সোহেল। 

এ সময় তিনি বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা অত্যন্ত সময়োপযোগী করে প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালা বাস্তবায়ন করা হলে বিএডিসি ও বিসিআইসি’র ডিলারদের মধ্যে সারের সুষম বরাদ্দ হবে। এতে করে মাঠ পর্যায়ে সার নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয় তার অবসান ঘটবে।

সংবাদ সম্মেলনে সারের বাড়ানোর দাবি জানিয়ে বলা হয়, ৩০ বছর আগে সার বিক্রি করে ডিলাররা যে কমিশন পেতেন, এখনও সে হারেই কমিশন পাচ্ছেন। অথচ এ সময়ের মধ্যে পরিবহন খরচ, গুদাম ভাড়া, কর্মচারীর পারিশ্রমিকসহ সবখাতেই ব্যয় বেড়েছে কয়েকগুন। কমিশন বাড়ানো না হলে ডিলাররা দুর্নীতিতে উৎসাহিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সদস্য আসাদুজ্জামান বাবু, মতিউর রহমানসহ অন্যরা। 

এর আগে, গত ১৯ অক্টোবর নতুন নীতিমালা প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। তারও আগে সংবাদ সম্মেলনে বিদ্যমান সার নীতিমালা বহালের দাবি জানায় বিএফএ।     

 

Read more — স্থানীয়
← Home