কারাগারে কেমন আছেন অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সুনালী খাতুন

২৩ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ
কারাগারে কেমন আছেন অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সুনালী খাতুন

ছাব্বিশ বছর বয়সী সুনালী খাতুন অন্তঃসত্ত্বা। এ সময় একটু বেশিই যত্ন প্রয়োজন তাঁর। অথচ সুনালী খাতুনের দিন কাটছে কারাগারের চার দেয়ালের ভেতরে। ভারতীয় এই নারীসহ ৬ জনকে গত আগস্ট মাসে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাদের গ্রেপ্তার করে। এখন আমলী আদালতে তাদের বিচার চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের ভাষায় পুশইনের পর ‘রাষ্ট্রহীন’ হয়ে পড়েন সুনালী খাতুনরা। যদিও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট তাদের চার সপ্তাহের মধ্যে দেশের ফেরানোর নির্দেশ দেয় সরকারকে। গত ২৬ সেপ্টেম্বর দেয়া ওই আদেশ অনুযায়ী সুনালীদের ফেরানোর জন্য বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। কিন্তু ভারতীয় সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে সুনালী খাতুনসহ ৬ জনকে পুশইন করে বিএসএফ। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করে আদালতে তোলে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতে সুনালী খাতুনদের মামলার চার্জ গঠনের শুনানী ছিল। কিন্তু আদালতের বিচারক শুনানীর জন্য ৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এদিন সুনালী খাতুনসহ ৬ জনকেই আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় সকালেই নিয়ে আসা হয় তাঁদের। হাজতখানায় বেশ কিছুক্ষণ বসে থাকার পর বেলা সাড়ে ১২ টার দিকে তাদের নিয়ে যাওয়া হয় আদালতে। নারী পুলিশের সহযোগিতায় লিফটে তাদের তোলা হয় তিন তলার আদালতে। 

লিফটে চাঁপাই লাইভ’র প্রতিবেদকও ছিলেন। তিনি সুনালী খাতুনের কাছে কেমন আছেন জানতে চাইলে দুই শব্দে উত্তর দিলেন ‘ভালো আছি’। ততক্ষণে লিফট পৌঁছে গেছে তিন তলায়। এরপর আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে বলেন- কারাগারে তাকে বিশেষ যত্নে রাখা হয়েছে। বিশেষ খাবার দেয়া হয়। দেয়া হয় প্রয়োজনীয় ওষুধও। 

সুনালী খাতুনের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন তাঁর স্বামী দানিশ শেখও। তাঁকেও আজ আদালতে হাজির করা হয়েছিল।সুনালী খাতুনদের মামলার তদারকি করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সংসদ সদস্য সামিরুল ইসলামের পাঠানো প্রতিনিধি মফিজ শেখ। তিনি চাঁপাই লাইভকে বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মামলাটির বিচারকাজ শেষ করতে। সুনালী খাতুনের’র ডেলিভারি ডেটের আগেই যদি মামলা নিষ্পত্তি হয় তাহলে খুব ভালো হয়। 

সুনালী খাতুনদের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন,  ধৃত ৬ জনই ভারতীয় নাগরিক, এ সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে। তারা আদালতে দোষ স্বীকার করতেও প্রস্তুত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, সুনালী খাতুনকে বিশেষ যত্নে রাখা হয়েছে। তিনি যদি মুক্তি না পান তাহলে কারাগারেই তাঁর সন্তার প্রসবের যাবতীয় সুব্যবস্থা করা হবে।

Read more — স্থানীয়
← Home