নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি

লাইভ রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ণ
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করেন এক দল শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১১ টা থেকে প্রায় তিন ঘণ্টা তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে অবশ্য শিক্ষকদের নানার আশ্বাসের পর ফিরে যান শিক্ষার্থীরা। 

শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানাগেছে, প্রশাসনিক ভবনে অধ্যক্ষের আবাসন, কলেজ ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন ও বখাটের উৎপাত, বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কলেজের প্রশাসনিক ভবেনের সামনে এই বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে চলে যান এবং তাকে অবরুদ্ধ করে পদত্যাগ করতে বলেন। 

শিক্ষার্থীদের দাবি অরক্ষিত কলেজ ক্যাম্পাসে বেপরোয়া হয়ে ওঠেছে বখাটেরা। গভীর রাত পর্যন্ত এমনকি দিনের বেলাতেই প্রকাশ্যে চলে মাদক সেবন। বহিরাগতদের কারণে কলেজের শিক্ষার্থীরাও বিব্রতবোধ করে নিজের ক্যাম্পাসে। এছাড়াও কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কমপক্ষে ১ লাখ ৪৮ হাজার টাকার অনিয়মন হয়েছে। 

শিক্ষার্থীরা যখন অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন তখন তাঁর পাশে কয়েকজন শিক্ষকও বসে ছিলেন। শিক্ষার্থীরা নানান অভিযোগের কথা শোনাচ্ছিলেন অধ্যক্ষসহ শিক্ষকদের। এক পর্যায়ের এক শিক্ষার্থী বলেন, আমদের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলা হয়ে গেছে। আমরা কিছু শুনতে চাই না, আপনি সসম্মানে চলে যাবেন। প্রতিউত্তরে অধ্যক্ষ বদলির নিয়ম-কানুন শোনান শিক্ষার্থীদের। এতে সন্তুষ্ট না হয়ে শোরগোল শুরু করে শিক্ষার্থীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, পরে শিক্ষার্থীদের বিভিন্নভাবে বোঝানো হয়। এক পর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষ থেকে চলে যান। 

এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা বলেছে। তাদেরকে আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। এমনকি তাদের বলেছি তোমরা আমার অনিয়ম-দুর্নীতির একটা প্রমাণ দাও, আমি নিজ থেকেই চলে যাবো। পরে বিষয়গুলো তারা বুঝতে পেরেছে। আমার কাছে ভুল স্বীকার করেছে। 

তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসে বখাটেদের আড্ডা হয় এটা সত্য। কারণ আমাদের ক্যাম্পাসের মেইন গেট নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তাই সাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হয়তো আগামী দুই সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। 

Read more — স্থানীয়
← Home