‘আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কে দিয়েছে প্রাক্তন অধ্যক্ষ’

লাইভ রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ণ
‘আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কে দিয়েছে প্রাক্তন অধ্যক্ষ’

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল নিজ অফিস কক্ষে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ হয়ে ছিলেন। আজ মঙ্গলবার শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেন। হঠাৎ করে শিক্ষার্থীদের এমন দাবির পেছনে ‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ দেখছেন অধ্যক্ষ। প্রাক্তন এক অধ্যক্ষ শিক্ষার্থীদের উস্কে দিয়েছেন বলে দাবি তাঁর। 

মঙ্গলবার রাতে টেলিফোনে চাঁপাই লাইভকে এমন তথ্যই জানিয়েছেন অধ্যক্ষ আব্দুল আওয়াল। 

তিনি দাবি করেন, প্রথমে শিক্ষার্থীরা এসেছিলেন আমার দুর্নীতির অভিযোগ নিয়ে। আমি তাদের সব কথা শুনে বলেছি- আমার একটা দুর্নীতির প্রমাণ দেখাও। কিন্তু তারা দেখাতে পারেনি। তারা বলছে কলেজের উন্নয়ন কাজে দুর্নীতি হয়েছে। বর্তমানে কলেজে যেসব উন্নয়ন কাজ চলছে সেগুলো বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখানে আমার কোন হাত নেই। বিষয়গুলো শিক্ষার্থীদের আমি নিজে বুঝিয়েছি। যখন বিষয়গুলো তাদেরকে বুঝালাম তখন হুট করেই ওই অভিযোগ থেকে শিক্ষার্থীরা সরে গেলো। এরপর দাবি তুলল কলেজে বহিরাগতদের ব্যাপারে। বহিরাগতরা কলেজে ক্যাম্পাসে অবাধে প্রবেশ করে। তারা মাদক সেবন করে –এমন অভিযোগ তোলা হলো শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমি তাদের দাবির সঙ্গে একমত পোষন করেছি। তাদেরকে বুঝিয়েছি যে- মেইন গেট নির্মাণ কাজ শেষ হলেই বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত হয়ে যাবে। মেইন গেট নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত আমার কি-বা করার আছে? তারা আমার এই কথাটিও মেনে নিয়েছে। এরপরও একের পর এক অযৌক্তিক কিছু দাবি উত্থাপন করেছে। এই থেকেই বোঝা যায় আমার কোমলমতি শিক্ষার্থীদের কেউ ভুল বুঝিয়েছে।

চাঁপাই লাইভ’র পক্ষ থেকে জানতে চাওয়া হয় শিক্ষার্থীদের কে ভুল বোঝালেন। তখন অধ্যক্ষ কারও নাম উচ্চারণ না করেই প্রাক্তন এক অধ্যক্ষকে দায়ি করেন। অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, আমাকে সরানোর জন্য এই কলেজের প্রাক্তন একজন অধ্যক্ষ ওঠেপড়ে লেগেছে। আমাকে সরিয়ে আবার তিনি এখানে আসতে চান। তিনিই শিক্ষার্থীদের আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে উস্কে দিয়েছে। 

তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের বলেছি, আপনাকেও বলছি এখানে (নবাবগঞ্জ সরকারি কলেজ) আমাকে সরকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। সরকারি আদেশ ছাড়া আমি এখান থেকে যাবো না।

Read more — স্থানীয়
← Home